বড় ব্যবধানে হারের পর নেইমার বললেন ‘আমি লজ্জিত’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ । ৬:২০ অপরাহ্ণ

ক্যারিয়ারে বিভিন্ন সময়ে ইনজুরি নিয়ে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়তে দেখা গেছে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারকে। এবার ব্রাজিলিয়ান সেরি আর ম্যাচ আবারও ভেজা চোখ নিয়ে মাঠ ছেড়েছেন নেইমার। তবে এবারের চোখের জল কোনো চোট কিংবা ইনজুরির জন্য নয়। তার চোখের এই জল ছিল অপমানজনক পরাজয়ের।

বাংলাদেশ সময় সোমবার (১৮ আগস্ট) লিগ টেবিলের তলানিতে থাকা ভাস্কো দা গামার বিপক্ষে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে নেইমারের সান্তোস। এটি এখন পর্যন্ত তার ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে বড় হার। আর এই ম্যাচ হারের পরই শিশুর মতো কান্নাই ভেঙে পড়লেন নেইমার।

ম্যাচ শেষে নেইমার বলেন, ‘আমি খুবই লজ্জিত। আমাদের পারফরম্যান্সে নিজেই হতবাক। সমর্থকদের ক্ষোভ দেখানোর অধিকার আছে, তবে অবশ্যই সহিংসতা ছাড়া। তারা চাইলে আমাদের সমালোচনা করতেই পারে, সেটাও তাদের অধিকার।’

তিনি আরও বলেন, ‘এরকম কিছু আমি জীবনে কখনও দেখিনি। আজ যা ঘটেছে, তা একেবারেই হৃদয়বিদারক। রাগ আর হতাশা থেকেই চোখে পানি এসে গিয়েছিল। সত্যি বলতে, এই ম্যাচটা ছিল সম্পূর্ণ দুঃস্বপ্নের মতো।’

এদিন ১-০ বিরতি নিয়ে বিরতিতে যায় দুই দল। তবে দ্বিতীয়ার্ধে সান্তোসের রক্ষণভাগ ভেঙে পড়ে তাসের ঘরের মতো। আর সেই সুযোগ কাজে লাগিয়েই একের পর এক গোল নিশ্চিত করে ভাস্কো দা গামা। ম্যাচের ৫৪ ও ৬২ মিনিটে জোড়া গোল করেন ফিলিপে কুতিনিও।

এর আগে ক্লাব ক্যারিয়ারে নেইমারের সবচেয়ে বড় হার ছিল ৪-০ গোলে। ২০১১ সালে সান্তোসে খেলার সময় বার্সেলোনার বিপক্ষে এবং ২০১৭ সালে বার্সেলোনায় থাকাকালীন পিএসজির বিপক্ষে।

এছাড়া ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছিল ব্রাজিল। তবে সেই ম্যাচে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন নেইমার।

এদিকে বড় হারের পরপরই কোচ ক্লেবার হাভিয়েরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় ক্লাব কর্তৃপক্ষ। এক সংক্ষিপ্ত বিবৃতিতে তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে বিদায় জানানো হয়।

সম্পাদক : এবিএম সালাহউদ্দিন আহমেদ , নির্বাহী সম্পাদক : সামিউল ইসলাম ।  কপিরাইট © কমিউনিটি টিভি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন