‘আমাকে যারা বোরকা কিনতে বলেছিল, তাদের জন্যই এই ছবি’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ১১:১০ পূর্বাহ্ণ

আজমেরী হক বাঁধন। সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন তিনি। অভিনয় ক্যারিয়ারে এখন পর্যন্ত বহু নাটক ও টেলিফিল্ম উপহার দিয়েছেন। পরবর্তীতে নাম লেখান চলচ্চিত্রে। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। শুধু তাই নয়, দেশের গণ্ডি পেরিয়ে এখন বলিউডেও অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন বাঁধন। তবে এক দিনে আজকের এই জায়গায় পৌঁছাননি তিনি। অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে।

জুলাই আন্দোলনে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথেও সরব ছিলেন এই অভিনেত্রী। প্রায় সয়মই নানা ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিমত প্রকাশ করেন। সেই সেই ধারাবাহিকতায় এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভোট দেওয়ার পর নিজের অনুভূতি শেয়ার করেছেন।

অভিনেত্রী আজমেরী হক বাঁধন জানান, তিনি ঢাকা ১৬ আসনের ভোটার। বাবা-মাকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন তিনি। নির্বাচন নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে বাঁধন বলেন, আমি একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখছি। এভাবেই একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়ে দেশ গঠনে কাজ করবে। সকল ধর্ম-বর্ণের মানুষের জন্য একটি নিরাপদ দেশ হবে, সেটাই প্রত্যাশা। আগামীর বাংলাদেশ একটি সাম্যের দেশ হবে। এখানে সবাই সবার অধিকার বুঝে পাবে।

ভোট দেওয়ার পর নিজের ফেসবুক পোস্টে বাঁধন লেখেন, আমাদের সবার জন্য গর্বের মুহূর্ত। ভালো করেছো, বাংলাদেশ। কী নির্ঘুম রাত কেটেছে আর কী স্বস্তির সকাল। নিজেকে কৃতজ্ঞ, সফল ও গভীরভাবে গর্বিত মনে হচ্ছে।

পোস্টে সাম্প্রতিক সমালোচনার প্রসঙ্গও টানেন এই অভিনেত্রী। তিনি লেখেন, যারা আমাকে ‘বোরকা কিনতে’ বলেছিল, তাদের জন্যই এই ছবি। ছোটবেলা থেকেই আমি নিয়মিত বোরকা পরি। আমার কাছে এটি আরেকটি পোশাক, এর বেশি কিছু নয়। কখনো পায়জামা ঢাকতে, কখনো তেল দেওয়া চুল আড়াল করতে, কখনো জনসমাগমে মিশে যেতে এতটাই সহজ।

ট্রোল ও সমালোচকদের উদ্দেশে তিনি আরও লেখেন, যারা ট্রল, অপমান বা হেনস্তা করার চেষ্টা করেছেন—এই বার্তাটি তাদের জন্যও।

নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বাঁধন বলেন, যারা জিতেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা। আর যারা জিততে পারেননি, তাদের জন্যও অভিজ্ঞতাটাই এক ধরনের বিজয়।

শেষে তিনি বলেন, এটাই আমাদের দেশ। সম্মান ও ঐক্য নিয়েই আমাদের সামনে এগোতে হবে। সেটাই চূড়ান্ত লক্ষ্য।

সম্পাদক : এবিএম সালাহউদ্দিন আহমেদ , নির্বাহী সম্পাদক : সামিউল ইসলাম ।  কপিরাইট © কমিউনিটি টিভি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন