নিউইয়র্ক সিটির কুইন্স বরোর উডসাইডে একটি গার্বেজ ট্রাকের ধাক্কায় বাংলাদেশী তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) রাতে হৃদয়বিদারক এই দুর্ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম নিশাত জান্নাত। বয়স ১৯। তার বাবা হেলাল আহমদ কুইন্সের উডসাইড এলাকার বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। চার বোনের মধ্যে নিশাত দ্বিতীয় ছিলো। জ্যামাইকার হিলসাইড এভিনিউ থেকে রোববার প্রায় মধ্যরাতের দিকে কাজ থেকে বাড়ী ফেরার পথে উডসাইড এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি গারবেজ ট্রাকের ধাক্কায় ঘটনা স্থলেই নিহত হন বলে পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন। উল্লেখ্য, তাদের দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। নিহত নিশাত জান্নাতের পরিবার ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসায় যুক্তরাষ্ট্রে অভিবাসী হন।
পুলিশ জানায়, উডসাইডের রুজভেল্ট এভিনিউ ও ৬২তম স্ট্রিটের সংযোগস্থলে অর্থাৎ বাংলাদেশশী মালিকাধীন গ্রোসারী ফুড ফেয়ার রাত প্রায় ১১টা ৫৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। সে সময় নিশাত ক্রসওয়াক দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। পশ্চিমমুখী রুজভেল্ট এভিনিউ দিয়ে আসা ‘রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস’-এর একটি স্যানিটেশন ট্রাক ডান দিকে ঘুরে ৬২তম স্ট্রিটের উত্তরমুখী লেনে ওঠার সময় তাকে সজোরে ধাক্কা দেয়। পুলিশের মতে, সংযোগস্থলের উত্তর পাশে এই আঘাত লাগে। ঘটনাস্থলেই ইএমএস কর্মীরা নিশাতকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় বোন নওশিন জান্নাত জানান, নিশাত জ্যামাইকার পারসন্স বুলেভার্ডে একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতো এবং সেখানে সে কালো ইউনিফর্ম পরতো। রোববার রাত ১১টার দিকে কাজ শেষ করে ছোট বোনের জন্য কেক আনতে নিশাত উডসাইড ট্রেন স্টেশনে নামে। এরপর আর কথা না হওয়ায় এবং দীর্ঘক্ষণ ধরে বাসায় না ফেরায় বাসার সবাই উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে নিশাতের ফোনের লোকেশন ট্র্যাক করে রাত প্রায় ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিশাতের মর্মান্তিক ঘটনা জানতে পারেন। সে সময় সেখানে পুলিশ দেখতে পান এবং নিশাতের মরদেহ ঢাকা অবস্থায় ট্রাকের নীচেই পড়েছিলো।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় জড়িত স্যানিটেশন ট্রাকটির চালক, ৩৮ বছর বয়সী এক নারী ঘটনাস্থলেই ছিলেন এবং সামান্য আঘাতের জন্য চিকিৎসা নেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে ঐ নারীকে জিজ্ঞাবাসবাদ করা হচ্ছে। নিউইয়র্ক পুলিশ বিভাগের হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড ঘটনাটি তদন্ত করছে।
এদিকে সোমবার (৩০ মার্চ) রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস এক বিবৃতিতে জানিয়েছে, ‘তারা তদন্তে পুলিশকে সহযোগিতা করছে। প্রতিষ্ঠানটির মালিক প্রতিষ্ঠান ‘ওয়েস্ট কানেকশনস’-এর এক মুখপাত্র বলেন, কুইন্সে আজ সকালে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। রয়্যাল ওয়েস্ট সার্ভিসেসের পক্ষ থেকে আমরা নিহতের পরিবার ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। চলমান তদন্তের স্বার্থে এবং সংশ্লিষ্টদের গোপনীয়তার প্রতি সম্মান জানিয়ে আমরা এ বিষয়ে আর কোনো মন্তব্য করছি না।’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ । ৮:৩১ অপরাহ্ণ