মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌচলাচল ব্যবস্থাপনায় সহায়তা করবে যুক্তরাষ্ট্র। এই জলপথে সৃষ্ট ‘যানজট’ নিরসনে ওয়াশিংটন এগিয়ে আসবে বলে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে জানিয়েছেন তিনি।
ট্রাম্প লিখেছেন, “বিশ্ব শান্তির জন্য একটি বড় দিন! ইরান এটা চায়, তারা যথেষ্ট ভোগান্তি পোহিয়েছে! একইভাবে, অন্য সবাইও! মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে জমে থাকা যানজট নিরসনে সাহায্য করবে।”
তিনি আরও বলেন, “অনেক ইতিবাচক পদক্ষেপ” নেওয়া হবে এবং কয়েক সপ্তাহের সংঘাতের পর ইরান পুনর্গঠন শুরু করতে পারে। “প্রচুর অর্থ উপার্জন করা যাবে। ইরান পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে পারবে। আমরা সব ধরনের রসদ নিয়ে জড়ো হব এবং সবকিছু যাতে ভালোভাবে চলে তা নিশ্চিত করার জন্য আশেপাশেই থাকব।”
মার্কিন প্রেসিডেন্ট এই মুহূর্তটিকে অঞ্চলটির জন্য একটি সম্ভাব্য সন্ধিক্ষণ হিসেবে বর্ণনা করে আত্মবিশ্বাস প্রকাশ করেন যে পরিস্থিতির উন্নতি হবে। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রে আমরা যেমনটা দেখছি, ঠিক তেমনই এটি মধ্যপ্রাচ্যের স্বর্ণযুগ হতে পারে।”
প্রসঙ্গত, ইরানের সাথে সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হওয়ার পর আঞ্চলিক উত্তেজনা কিছুটা কমেছে। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথগুলোর একটি, এবং সেখানে নৌচলাচল স্বাভাবিক রাখা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ । ৪:২৩ পূর্বাহ্ণ