ইসরায়েলের ‘নির্বিচার’ বোমা হামলা বন্ধের আহ্বান জানাল স্পেন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ । ১১:০৫ পূর্বাহ্ণ

ইরানের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি মানলেও লেবাননে তা মানছে না দখলদার ইসরায়েল। বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় ১০০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। নতুন দফার এই হামলায় সেখানে কয়েক শ’ মানুষ হতাহত হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।

এদিকে লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের চলমান নির্বিচার বোমা হামলা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা প্রশমনে সামরিক শক্তির বদলে কূটনীতি এবং আলোচনার টেবিলে ফিরে আসা অত্যন্ত জরুরি।

আলবারেস স্পষ্টভাবে উল্লেখ করেন যে, এই যুদ্ধ অবশ্যই বন্ধ হতে হবে এবং একইসঙ্গে ইরান ও তার সহযোগী গোষ্ঠীগুলো যাতে অঞ্চলের অন্যান্য দেশগুলোতে আক্রমণ বন্ধ করে, সেটিও নিশ্চিত করা প্রয়োজন।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া এবং বর্তমানে যেসব চুক্তি নিয়ে আলোচনা চলছে, সেখানে লেবাননকেও অন্তর্ভুক্ত করা অপরিহার্য।

লেবাননের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত না করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

সাক্ষাৎকারে তিনি লেবাননে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ‘ইউনিফিল’-এর প্রতি স্পেনের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং শান্তিরক্ষীদের ওপর পরিচালিত হামলার তীব্র নিন্দা জানিয়ে তা বন্ধের দাবি জানান।

উল্লেখ্য, ১৯৭৮ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক গঠিত এই ইউনিফিল বাহিনী লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিত করা এবং ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে যাচ্ছে। মূলত আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন এই স্প্যানিশ কূটনীতিক।

সম্পাদক : এবিএম সালাহউদ্দিন আহমেদ , নির্বাহী সম্পাদক : সামিউল ইসলাম ।  কপিরাইট © কমিউনিটি টিভি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন