বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে, সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ । ১:৩১ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ সকাল থেকে শুরু হয়েছে । আজ বৃহস্পতিবার ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে এবং একটানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। সকাল থেকেই দুই আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের স্বাভাবিক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

বগুড়া-৬ আসনে তিন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা চলছে। প্রার্থীরা হলেন- বিএনপির মো. রেজাউল করিম বাদশা (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার (ফুলকপি)।

এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন, যার মধ্যে সাধারণ ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন এবং পোস্টাল ব্যালট ভোটার ৩ হাজার ৭৩৬ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ১৫০টি কেন্দ্রে এবং ৮৩৫টি ভোটকক্ষে। জেলা প্রশাসনের তথ্য অনুসারে ৫৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে ৫টি অধিক ঝুঁকিপূর্ণ।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসন থেকে জয়ী হন। পরে সংবিধান অনুযায়ী একটি আসন রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন, যার ফলে আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল দেয় নির্বাচন কমিশন।

শেরপুর-৩ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান প্রার্থীরা হলেন- বিএনপির মাহমুদুল হক রুবেল (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মাসুদুর রহমান (দাঁড়িপাল্লা), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মিজানুর রহমান (কাঁচি), ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু তালেব মো. সাইফুদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম বাদশা।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৭৭ জন, নারী ভোটার ২ লাখ ৮ হাজার ২৯৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন। মোট ১২৮টি ভোটকেন্দ্র এবং ৭৫১টি ভোটকক্ষ রয়েছে, যার মধ্যে ২৭টি অধিক গুরুত্বপূর্ণ, ৩২টি গুরুত্বপূর্ণ এবং ৬৯টি সাধারণ কেন্দ্র।

দুই আসনেই আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সেনাবাহিনীর টহল দলও দায়িত্ব পালন করছে। নির্বাচনকে ঘিরে ভোটগ্রহণের আগে মোটরসাইকেল চলাচলসহ যানবাহন চলাচলে তিন দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু হওয়ায় নির্বাচন কমিশন ওই আসনের ভোট স্থগিত করে পরে নতুন তফসিল ঘোষণা করে।

সম্পাদক : এবিএম সালাহউদ্দিন আহমেদ , নির্বাহী সম্পাদক : সামিউল ইসলাম ।  কপিরাইট © কমিউনিটি টিভি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন