কিছুদিন আগে শুটিংয়ের মাঝেই দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর সহকর্মীদের মাঝে তিনি যে প্রবল ভাবেই রয়েছেন, তার প্রমাণ মিলেছে ইন্ডাস্ট্রির একজোট হয়ে সামনে রাখা বেশ কিছু দাবিতে। এর মাঝেই রাহুলের অনুরাগীদের জন্য রয়েছে এক ভালো খবর। অভিনেতার অপ্রকাশিত কাজ বিনামূল্যে বড় পর্দায় দেখতে পাবেন তাঁরা।
পরিচালক শুভ্রজ্যোতির (বাপ্পা) সিনেমা ‘ছবিওয়ালা’ মুক্তি পেতে চলেছে কিছু দিনের মধ্যেই। তিনি জানান, কোনও ব্যবসায়িক ভিত্তিতে মুক্তি পাচ্ছে না ছবিটি, এটি রাহুলদার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। এই সিনেমাটিতে একজন ফোটোগ্রাফার ও শিল্পীর চরিত্রে দেখা যাবে রাহুলকে। যার নাম বিশ্বকর্মা। কিন্তু তার নান্দনিক বোধ চারপাশের কেউই বুঝতে পারে না। সকলেরই মনে হয় সে খুব খারাপ একজন ফোটোগ্রাফার, তাই তিনি উপেক্ষিত। তার কাজ জোটে না, জোটে কেবল মৃত মানুষের ছবি তোলার বায়না। অর্থকষ্ট সামলেও কারখানায় কাজ করে সংসার টানে বিশ্বকর্মার স্ত্রী মালা। যে চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত।
পরিচালক বলেছেন, ‘ছবিতে রাহুলদা এক শিল্পীর গল্প বলেছেন। চরিত্রটি সারাজীবন চেষ্টা করে গিয়েছে, তার কাজ যাতে স্বীকৃতি পায়। কিন্তু কাকতালীয় ভাবে, সেই স্বীকৃতি আসে তার মৃত্যুর পর। জীবিত অবস্থায় তার নিষ্ঠা, লড়াই কেউই উপলব্ধি করতে পারেনি। আরও বেশি ভারাক্রান্ত করে তোলে ছবির শেষ দৃশ্য। যেখানে চরিত্রটি জলে ডুবে মারা যায়। জানিয়ে রাখি, গল্পের প্রয়োজনে সেটি এক আত্মত্যাগের মুহূর্ত, যেখানে একজন শিল্পী নিজের জীবন হারিয়ে তার পরিবারের ভবিষ্যৎকে সুরক্ষিত করে যায়। বাস্তবের সঙ্গে এই অদ্ভুত মিল ভিতর থেকে নাড়িয়ে দেয় এবং এই কারণেই এই ছবিটি আমাদের কাছে অনেক বেশি ব্যক্তিগত।’
প্রথমে ছবিটির নাম ‘নেগেটিভ’ রাখা হয়েছিল, যা গল্পের মেজাজ ও ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে পরিবর্তিত পরিস্থিতিতে নাম বদলে ‘ছবিওয়ালা’ করা হয়েছে। রাহুলের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন পরিচালক। তিনি বলেছেন, ‘রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় শুধু একজন প্রতিভাবান অভিনেতাই নন, তিনি ছিলেন আমাদের মতো স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের কাছে গাইড, অনুপ্রেরণা। আমি ব্যক্তিগত ভাবে ওঁর কাছে আজীবন ঋণী থাকব।’ আমার প্রতি রাহুলদার বিশ্বাসই আমাকে ইন্ডাস্ট্রিতে জায়গা পেতে সাহায্য করেছিল। রাহুলদা সেই মানুষ, যিনি আমাকে বিশ্বাস করেছিলেন, কাজ করতে এবং নিজের উপর আস্থা রাখতে শিখিয়েছিলেন।’
এই ছবির মিউজ়িক করেছেন সৌম্যঋত। পাশাপাশি সিনেমাটির টাইটেল ট্র্যাক গেয়েছেন রূপম ইসলাম। এ ছাড়া সোমলতা আচার্য ও জোজো মুখোপাধ্যায়ের কণ্ঠেও একটি করে গান রয়েছে সিনেমাটিতে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ । ৭:০৯ পূর্বাহ্ণ