বিশ্বকাপের আগে নিজেদের চূড়ান্ত প্রস্তুতি ঝালিয়ে নিতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের দুটি ঐতিহাসিক কলেজ স্টেডিয়ামে এই ম্যাচগুলো খেলবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনে অবস্থিত কাইল ফিল্ডে হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এক লাখ দুই হাজারের বেশি দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামটি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ভেন্যু হিসেবে পরিচিত।
৯ জুন আলাবামার অবার্নে জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। উল্লেখ্য, এই ম্যাচটির মধ্য দিয়েই ৮৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন করতে যাচ্ছে জর্ডান-হেয়ার স্টেডিয়াম।
২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পর এবারই প্রথম কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে। দলটির বিপক্ষে আর্জেন্টিনার একমাত্র দেখা হয়েছিল ২০১৮ বিশ্বকাপে। ১-১ গোলে ড্র হওয়া সেই ম্যাচে লিওনেল মেসির পেনাল্টি ঠেকিয়ে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন আইসিশ গোলরক্ষক হানেস পোর হালডোরসন।
এদিকে হন্ডুরাসের বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়ে সবকটিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা। সবশেষ ২০২২ সালে মায়ামিতে তাদের ৩-০ ব্যবধানে হারিয়েছিল দলটি।
এই দুই প্রীতি ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা। কোচ স্কালোনি এই ম্যাচগুলোকে বিশ্বকাপের আগে দলের কৌশল নির্ধারণ ও সেরা একাদশ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন।
আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। টুর্নামেন্টের ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রিয়া, জর্ডান ও আলজেরিয়া। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার আনুষ্ঠানিক অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ । ৯:৪৯ অপরাহ্ণ