বিশ্ববরেণ্য জাদুশিল্পী জুয়েল আইচের জন্মদিনটিকে ‘জাদু দিবস’ হিসেবে ঘোষণা করলেন দেশের জাদুশিল্পীরা। শুক্রবার (১০ এপ্রিল) রাতে রাজধানীর এফডিসিতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে জাদুশিল্পী ঐক্য পরিষদের পক্ষ থেকে এই বিশেষ ঘোষণা দেওয়া হয়। সংগঠনটির নেতৃবৃন্দ মনে করেন, জুয়েল আইচ কেবল একজন শিল্পী নন বরং তিনি বাংলাদেশের এক অনন্য সম্পদ যার অবদানে এই শিল্প আজ আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত।
অনুষ্ঠানে জাদুশিল্পী ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, জুয়েল আইচ এই সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছেন। জাদুশিল্পীদের মতে, তার মতো ব্যক্তিত্বের জন্ম না হলে এই শিল্পে একুশে পদকের মতো সম্মাননা অর্জন সম্ভব হতো না।তাকে চির তরুণ হিসেবে আখ্যায়িত করে বক্তারা বলেন, সবুজ বাংলাদেশে জুয়েল আইচ লাল সূর্যের মতো দীপ্তি ছড়াচ্ছেন এবং তার হাত ধরেই দেশে জাদুর এক চমৎকার পরিবেশ তৈরি হয়েছে।
অনুষ্ঠানে জুয়েল আইচ তার প্রেরণাদায়ক বক্তব্যে সবাইকে মুগ্ধ করেন। স্মরণ করেন দীর্ঘ পথ চলার নানা অভিজ্ঞতার কথা। নিজের ইচ্ছা ও বর্তমান দিনযাপনের কথা বলতে গিয়ে কন্যা খেয়া আইচের কিভাবে তার মায়ের ভূমিকা গ্রহণ করেছে তাও জানান।
জুয়েল আইচ বাংলাদেশের একজন বিশ্বনন্দিত জাদুশিল্পী, বংশীবাদক, চিত্রশিল্পী এবং বীর মুক্তিযোদ্ধা। ১৯৮০ সালে পেশাদার জাদুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে তিনি দেশে-বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন, যা তার জীবনের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি জাদুর মাধ্যমে বিশ্বজুড়ে বাংলাদেশের সুনাম ছড়িয়েছেন। জাদুশিল্পে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক ‘একুশে পদক’সহ বিশ্বের বহু দেশ থেকে সম্মানিত হয়েছেন তিনি। তিনি ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ । ৪:২০ পূর্বাহ্ণ