ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ কার্যকর হচ্ছে আজ থেকে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ । ১১:৩৮ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যের সামুদ্রিক বাণিজ্যপথে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপকে ঘিরে। কূটনৈতিক অচলাবস্থার জেরে এবার সরাসরি সমুদ্রপথে চাপ প্রয়োগের কৌশল নিয়েছে ওয়াশিংটন। মার্কিন সামরিক বাহিনীর অধীনস্থ সেন্টকোম ঘোষণা দিয়েছে, সোমবার থেকে ইরানের সব সমুদ্রবন্দরে কার্যকর হচ্ছে কঠোর অবরোধ। স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০মিনিট) থেকে শুরু হওয়া এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক বাণিজ্য জাহাজ চলাচলে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো বিদেশি জাহাজ ইরানের বন্দরে প্রবেশ করতে পারবে না। একই সঙ্গে বর্তমানে যেসব জাহাজ ইরানের বন্দরে অবস্থান করছে, সেগুলোরও বাইরে যাওয়ার পথ কার্যত বন্ধ হয়ে যাবে। নির্দেশনা অমান্য করলে সামরিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

সেন্টকোম জানিয়েছে, এই অবরোধ আরব সাগর ও ওমান উপসাগর ঘেঁষা ইরানি উপকূলজুড়ে সমভাবে কার্যকর হবে। তবে একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম রাখা হয়েছে- যেসব জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করে ইরান ছাড়া অন্য দেশের বন্দরে যাতায়াত করছে, তাদের চলাচলে বাধা দেওয়া হবে না।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত শুধু ইরান নয়, বরং বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য বাজারেও প্রভাব ফেলতে পারে। কারণ, হরমুজ প্রণালি বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট।

এই পদক্ষেপের পেছনে রয়েছে ব্যর্থ কূটনৈতিক আলোচনা। ইসলামাবাদে অনুষ্ঠিত দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠকে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ। এরপরই কঠোর অবস্থান নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি আগেই হরমুজ প্রণালিতে অবরোধের হুমকি দিয়েছিলেন।

সম্পাদক : এবিএম সালাহউদ্দিন আহমেদ , নির্বাহী সম্পাদক : সামিউল ইসলাম ।  কপিরাইট © কমিউনিটি টিভি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন