হেলিকপ্টার বিধ্বস্ত ইন্দোনেশিয়ায়, সব আরোহী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ । ৮:৫৬ পূর্বাহ্ণ

ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা আট আরোহী নিহত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির উদ্ধারকারী সংস্থা এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে ছয়জন যাত্রী ও দুইজন ক্রু সদস্য রয়েছে। দুর্ঘটনার পর উদ্ধারকারী দলগুলো মরদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ স্যাফিই জানান, এয়ারবাস এইচ১৩০ মডেলের হেলিকপ্টারটি বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৭টা ৩৪ মিনিটে মেলাউই রিজেন্সি থেকে উড্ডয়ন করে এবং সকাল ৮টা ৩৯ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি বলেন, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাব্য স্থানটি ঘন বনাঞ্চল ও খাড়া পাহাড়ি এলাকায় অবস্থিত।

উদ্ধারকারীরা ধারণা করছেন, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে হেলিকপ্টারটির লেজের অংশের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এ দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। স্থানীয় উদ্ধার সংস্থার এক মুখপাত্র জানান, দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন। শুক্রবার সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত উদ্ধারকারী দল স্থলপথে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে।

জানা গেছে, যে প্লান্টেশন এলাকা থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল, সেটি ইন্দোনেশিয়ার পাম অয়েল কোম্পানি ‘সিত্রা মহকোটা’র মালিকানাধীন। আর হেলিকপ্টারটি ছিল ‘ম্যাথিউ এয়ার নুসান্তারা’ নামের একটি প্রতিষ্ঠানের। উল্লেখ্য, দ্বীপসমৃদ্ধ দেশ হওয়ায় ইন্দোনেশিয়াতে আকাশপথে যাতায়াত গুরুত্বপূর্ণ হলেও, দেশটিতে অতীতেও একাধিক বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

সম্পাদক : এবিএম সালাহউদ্দিন আহমেদ , নির্বাহী সম্পাদক : সামিউল ইসলাম ।  কপিরাইট © কমিউনিটি টিভি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন