‘আমি অনেক ক্লান্ত, আমি একটু অবসর নিতে চাই। এনাফ ইজ এনাফ।’ রাজনীতি থেকে অবসর নেওয়ার অভিপ্রায় জানিয়ে এমন কথা বলেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, এ বছরই হচ্ছে দলের কেন্দ্রীয় কাউন্সিল। এরপরই বিএনপির এ শীর্ষ পদে দীর্ঘদিন পর দেখা যাবে নতুন মুখ। সম্প্রতি সময় টিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এমন ইঙ্গিত দেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দিনক্ষণ ঠিক না হলেও এ বছরই হচ্ছে দলের কাউন্সিল। এর আগে হবে তৃণমূলের সম্মেলন। দলের কেন্দ্রীয় কাউন্সিলেই পরিবর্তন আসছে মহাসচিব পদে। রাজনীতি থেকে অবসর নিতে চান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমি খুবই ক্লান্ত। আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে। কাউন্সিলের পর অবসর নিতে চাই। আমার অনেক বয়স হয়ে গেছে। অসুস্থ হয়ে যাচ্ছি।’
রাষ্ট্রপতি হওয়ার কোনো আকাঙ্ক্ষা আছে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, ‘এ ধরনের প্রত্যাশা আমার কখনই ছিল না। আমি এ পর্যন্ত যেখানে এসেছি, সেটা আমার ভাগ্য নিয়ে এসেছে। আমার কাজটা ছিল, কিন্তু আমার আকাঙ্ক্ষা এখানে নিয়ে এসেছে বলে মনে করি না।’
বিএনপির সবশেষ কাউন্সিল হয়েছিল ১০ বছর আগে। ২০১১ সালের মার্চে ভারপ্রাপ্ত মহাসচিব হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০১৬ সালের কাউন্সিলে পর থেকে সামলাচ্ছেন মহাসচিবের দায়িত্ব। মির্জা ফখরুল ১৯৮৬ সালে সরকারি চাকরি (শিক্ষা ক্যাডার) থেকে পদত্যাগ করে সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছিলেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ । ৯:২৬ পূর্বাহ্ণ