নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশিসহ নিহত ৪

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ । ১২:০২ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আলবেনি এলাকার ক্ল্যাভারাক শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক বছর বয়সী শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার (স্থানীয় সময়) সন্ধ্যা প্রায় ৭টার দিকে ক্ল্যাভারাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন বাংলাদেশি হলেন লাউডনভিলের বাসিন্দা ২৯ বছর বয়সী নাজমুল রুবেল, ব্রঙ্কসের ৬০ বছর বয়সী মোহাম্মদ হেরামন এবং ২৫ বছর বয়সী ফাহিম হালিম।

এছাড়া দুর্ঘটনায় আরও নিহত হয়েছেন ৬২ বছর বয়সী জুলিয়া রিচি।

পুলিশ জানায়, নাজমুল রুবেল চালিত একটি টয়োটা প্রিয়াস গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই নাজমুল রুবেল মারা যান। একই গাড়িতে থাকা যাত্রী মোহাম্মদ হেরামন এবং ফাহিম হালিমও ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ফাতিমা আক্তার (৩৩) এবং এক বছর বয়সী একটি শিশুকে উদ্ধার করে দ্রুত আলবানি মেডিক্যাল সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।
অন্যদিকে, টয়োটা ক্রাউন গাড়ির চালক লুকা পালভেনিয়ান (২৪) আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। তবে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তার গাড়ির যাত্রী জুলিয়া রিচি ঘটনাস্থলেই মারা যান।

কলম্বিয়া কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। কেন প্রিয়াস গাড়িটি হঠাৎ লেন পরিবর্তন করে বিপরীত দিকে চলে যায়, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার ভয়াবহতা সম্পর্কে শেরিফ জ্যাকি সালভাতোরে বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা। তিনি জানান, ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা পৌঁছানোর আগেই দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের অনেক বাসিন্দা ছুটে আসেন।

দুর্ঘটনার পর উদ্ধার ও তদন্ত কার্যক্রমের জন্য প্রায় চার ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। উদ্ধার কাজে স্থানীয় ফায়ার সার্ভিস ও রেসকিউ ইউনিট অংশ নেয়।

সম্পাদক : এবিএম সালাহউদ্দিন আহমেদ , নির্বাহী সম্পাদক : সামিউল ইসলাম ।  কপিরাইট © কমিউনিটি টিভি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন