নিউইয়র্ক (ইউএনএ): আগামী ১৪ এপ্রিল মঙ্গলবার পহেলা বৈশাখ। বাংলা নতুন বছরের প্রথম দিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত ছুটির দিন হিসেবে পহেলা বৈশাখ উপলক্ষ্যে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিস বন্ধ থাকবে। বুধবার (৮ এপ্রিল) কনস্যুলেট থেকে প্রেরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এদিকে বাংলা নববর্ষ বরণ উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবছরও এনআরবি ওয়াল্ডওয়াইড, সম্মিলিত বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রা উদযাপন পরিষদ, আনন্দধ্বনী নিউইয়র্ক ইনক, ড্রামা সার্কল নিউইয়র্ক, জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা (জেএএএএ) সহ নিউইয়র্কের বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে। খবর ইউএনএ’র।
বাংলা নববর্ষ বরণ উপলক্ষ্যে গত বছরের মতো এবারও ১১ এপ্রিল, শনিবার বেলা ৩টায় এনআরবি ওয়াল্ডওয়াইড ম্যানহাটানের নিউইয়র্ক টাইমস স্কয়ারে বাংলা বর্ষবরণ-১৪৩৩ উৎসব আয়োজন করবে। থাকবে মঙ্গল শোভাযাত্রা আর সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবে প্রবাস প্রজন্মের প্রায় ১০০শত নৃত্য শিল্পী অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন। চলছে শিল্পীদের মহড়া। এছাড়াও ১২ এপ্রিল, রোববার জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আয়োজিত হবে বর্ষবরণ উৎসব। উভয়দিনের অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী নকুল কুমার বিশ্বাস আর নিউইয়র্কের নৃত্যাঞ্জলী নৃত্য একাডেমীর শিল্পী সহ দেশ ও প্রবাসের শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করবেন।
বিগত বছরগুলোর মতো এবছরও বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান করবে আনন্দধ্বনী নিউইয়র্ক ইনক। আগামী ১২ এপ্রিল রোববার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত কুইন্সের কুইন্সবোরো পারফর্মিং আর্টস সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
তিন দশকেরও বেশি সময় ধরে প্রবাসে বাংলা সংস্কৃতির রঙে প্রবাসে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান আয়োজনকারী সংগঠন ‘ড্রামা সার্কল নিউইয়র্ক’ এবারও অতীতের ধারাবাহিকতায়, বর্ণিল আয়োজন আর উৎসবের আমেজে ১৪ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজন করবে বাংলা বর্ষবরণ-১৪৩৩ অনুষ্ঠান। অনুষ্ঠান মালার মধ্যে থাকবে পান্তা-ইলিশ ভোজ, সাংষ্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।
সম্মিলিত বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রা উদযাপন পরিষদ, নিউইয়ক-এর কর্মসূচীর মধ্যে রয়েছে ১৪ এপ্রিল মঙ্গলবার জ্যাকসন হাইটসের ৩৭ রোডে (৭৬ ও ৭৭ স্ট্রীটের মাঝে) দুপুর ১টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, বেলা ২টায় পান্তা-ইলিশ ভোজ ও মিষ্টিমুখ, বিকেল ৫টায় স্থানীয় গুরুত্বপূর্ণ সড়কে মঙ্গল শোভাযাত্রা এবং রাত ৯টায় সমাপনী অনুষ্ঠান। ‘শঙ্কা ও ভয় বৈশাখ করবে জয়’ এই শ্লোগানে আয়োজিত এই উৎসব অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ এবং সদস্য সচিব কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মুজাহিদ আনসারী।
অপরদিকে সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা নতুন বছর-১৪৩৩ বরণ অনুষ্ঠান আয়োজন করবে আগামী ৩ মে । জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা (জেএএএএ) এর আয়োজনে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনের অংশগ্রহণে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ । ৯:৪২ পূর্বাহ্ণ