মাঠে নেইমারের ছোঁয়া, জয়ে ফিরল সান্তোস

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ । ৫:৪০ পূর্বাহ্ণ

নেইমারের প্রত্যাবর্তনে রাতে আতলেতিকো মিনেইরোকে ১-০ গোলে হারিয়ে দিল সান্তোস। নিষেধাজ্ঞা ও বিশ্রামের কারণে গত দুই ম্যাচ দলের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান সুপরাস্টার। তবে এদিন তিনি গোল পাননি। দলের জয়ে একমাত্র গোলটি করেছেন বদলি হিসেবে নামা ফরোয়ার্ড ময়েসেস।

শনিবার রাতে ঘরের মাঠ ভিলা বেলমিরোতে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় সান্তোস। প্রথমার্ধের ১৮ মিনিটে একবার জালে বল পাঠিয়েছিলেন গাবিগোল। তবে বল তার হাতে লাগায় রেফারি গোলটি বাতিল করেন। এ নিয়ে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন গাবিগোল এবং লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কোচ কুকাকে।

বিরতির পর ম্যাচের ৬২ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় সান্তোস। রনির পরিবর্তে মাঠে নামার মাত্র সাত মিনিটের মাথায় চমৎকার এক কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন ময়েসেস। গাবিগোলের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন এই ২১ নম্বর জার্সিধারী। এই জয়ের ফলে ১১ রাউন্ড শেষে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানে উঠে এল সান্তোস। অন্যদিকে ১৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে আতলেতিকো মিনেইরো।

সান্তোসের সামনে এখন ব্যস্ত সূচি। আগামী মঙ্গলবার দক্ষিণ আমেরিকান ক্লাব ফুটবলের আসর কোপা সুদামেরিকানায় দেপোর্তিভো রেকলেতার মুখোমুখি হবে তারা। এরপর লিগে ফ্লুমিনেন্স এবং ব্রাজিলিয়ান কাপে করোতিবার বিপক্ষে মাঠে নামবে নেইমার-গাবিগোলরা। নেইমারের উপস্থিতি আর ময়েসেস-গাবিগোলদের রসায়ন সান্তোস সমর্থকদের শিরোপার নতুন স্বপ্ন দেখাচ্ছে। একইসঙ্গে তার বিশ্বকাপ খেলার স্বপ্নও বাঁচিয়ে রাখছে।

সম্পাদক : এবিএম সালাহউদ্দিন আহমেদ , নির্বাহী সম্পাদক : সামিউল ইসলাম ।  কপিরাইট © কমিউনিটি টিভি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন