মালদ্বীপে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল প্রবাসী হানজালার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ । ১:২৩ পূর্বাহ্ণ

মালদ্বীপে ১০ তলা ভবনের ছাদ-বাগানে পানি দেওয়ার সময় ছাদ থেকে পড়ে চাঁদপুরের হাজীগঞ্জের হানজালা (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ১০ এপ্রিল দিবাগত রাত আড়াইটার দিকে মালদ্বীপের মালে শহরের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মেনাপুর গ্রামের আবদুস সামাদের ছেলে হানজালা। তিনি জীবিকার তাগিদে ৭-৮ মাস আগে মালদ্বীপে পাড়ি জমান। বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবারের লোকজন।

খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মালের সবধেলি মাগুতে একটি ১০ তলা আবাসিক ভবনের ছাদে নিজ কর্মস্থলে ছাদের গাছে পানি দিচ্ছিলেন। হঠাৎ গাছগুলোর সুরক্ষায় একটা দড়ি একপাশ থেকে অন্যপাশে বাঁধার মুহূর্তে পা ছিটকে তিনি ১০ তলা ভবনের ওপর থেকে অন্য একটি আবাসিক ভবনের টিনের চালের ওপর পড়ে গুরুতর আহত হন। ঘটনার পরপর স্থানীয় এবং উদ্ধারকারী টিম এসে তাকে উদ্ধার করে মালদ্বীপের রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে ইমার্জেন্সি বিভাগে ভর্তি করায়। হসপাতালে ভর্তির পরের দিন শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি চিকিৎসনাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নিহত হানজালার নিকটাত্মীয় মালদ্বীপপ্রবাসী সেলিম হোসেন ও মাসুদ জানান, হানজালা মালদ্বীপের একটি বৈধ কোম্পানিতে কর্মরত ছিলেন। পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায়, তার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশন ও সরকারের কাছে হানজালার মরদেহ দ্রুত দেশে পাঠানোর সহযোগিতা কামনা করা হয়েছে।

হানজালার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাতীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন বলেন, ‘আমরা শুক্রবার রাতে হাসপাতালে গিয়ে হানজালার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছি। চিকিৎসক তখন জানিয়েছেন, তার অবস্থা খুবই আশঙ্কাজনক। পরবর্তী সময়ে রাত ২টার দিকে হানজালার মৃত্যুর বিষয়টি হাসপাতাল থেকে আমাদের জানানো হয়।’

সম্পাদক : এবিএম সালাহউদ্দিন আহমেদ , নির্বাহী সম্পাদক : সামিউল ইসলাম ।  কপিরাইট © কমিউনিটি টিভি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন