রোনালদোর গোলে শিরোপার আরও কাছে আল-নাসর
হাজার গোলের পথে আরো একটু এগিয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৯৬৮তম গোলের দেখা পেয়ে গেছেন তিনি। সেই সাথে দলকেও এগিয়ে দিলেন শিরোপার দৌঁড়ে।
সৌদি প্রো লিগ জয়ের আরো কাছে পৌঁছে গেল আল-নাসর। শনিবার প্রিন্স হাথলুল বিন আব্দুল আজিজ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল-আখদুদকে ২-০ গোলে হারিয়েছে তারা।
এই জয়ে ৭৩ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষস্থান মজবুত করার পাশাপাশি ক্লাব ইতিহাসে টানা ১৪ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে হোর্হে জেসুসের শিষ্যরা। ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল।
ম্যাচের ১৫ মিনিটে দলকে এগিয়ে নেন রোনালদো। নাওয়াফ বু ওয়াসলের পাস নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে গোলকিপার স্যামুয়েলকে রাস্ত করেন ৪১ বছর বয়সী ফরোয়ার্ড।
২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ আসে সফরকারী আল-নাসরের সামনে। মোহাম্মদ সিমাকানের শট জালে জড়ালেও হ্যান্ডবলের কারণে বাতিল করেন রেফারি।
পরে কিংসলে কোমান ও রোনালদো আরো কিছু সুযোগ পেলেও প্রথমার্ধে আর গোল আসেনি। ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ হয়। সাদিও মানের ক্রস কিংসলে কোমানের মাথায় লেগে পোস্টে প্রতিহত হলেও ফিরতি বলে চমৎকার ভলিতে লক্ষ্যভেদ করেন জোয়াও ফেলিক্স। এরপর দু’দলের আর কেউ গোল না পেলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।



আপনার মতামত লিখুন
Warning: Array to string conversion in /www/wwwroot/ctvusa.tv/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array