বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
নিউজিল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা করল বাংলাদেশ
নিউজিল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরকে সামনে রেখে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেন। আসন্ন এই সফরে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর সীমিত ওভারের দুই ফরম্যাটেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে কিউইরা। সফরের শুরুতেই হবে ওয়ানডে সিরিজ, যা দিয়ে দু’দলের মাঠের লড়াই শুরু হবে।
ঘোষিত দলে বড় কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানিয়েছে বিসিবি। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে যেসব ক্রিকেটার দলে ছিলেন, তাদের সবাইকে এবারও রাখা হয়েছে নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে। ফলে নতুন কোনো মুখ যেমন সুযোগ পায়নি, তেমনি আগের দল থেকে কাউকে বাদও দেয়া হয়নি। এতে বোঝা যাচ্ছে, নির্বাচকরা বিদ্যমান কম্বিনেশনেই আস্থা রাখছেন।
দলে নিয়মিত মুখ হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাসের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। পাশাপাশি আফিফ হোসেন ও সাইফ হাসানের মতো তরুণ ক্রিকেটাররাও জায়গা ধরে রেখেছেন, যদিও পাকিস্তান সিরিজে তাদের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী ছিল না। তবুও দল নির্বাচন নিয়ে কোনো বড় চমক দেখা যায়নি।
সফরসূচি অনুযায়ী, নিউজিল্যান্ড দল ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে। সিরিজের প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি হবে চট্টগ্রামে। সব মিলিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হবে ২৩ এপ্রিল।
ওয়ানডে সিরিজের ম্যাচগুলোর সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। প্রথমে ম্যাচগুলো বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় এনে তা পরিবর্তন করে সকাল ১১টায় নির্ধারণ করা হয়েছে। একইভাবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ শুরুর সময়ও পরিবর্তন করা হয়েছে সন্ধ্যা ৬টার বদলে ম্যাচগুলো শুরু হবে বিকেল ৩টায়।
টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে এবং ২ মে মিরপুরে। ফলে দুই ফরম্যাট মিলিয়ে প্রায় তিন সপ্তাহব্যাপী এই সিরিজে ব্যস্ত সময় কাটাবে দুই দল।
প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াডে থাকছেন মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।



আপনার মতামত লিখুন
Warning: Array to string conversion in /www/wwwroot/ctvusa.tv/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array