আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল
আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাতে প্যারাগুয়ে-এর ভিলেতো শহরের এস্তাদিও আমেলিয়ানো ভিলেতো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ব্রাজিল।
প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় ব্রাজিল। ১৫ মিনিটে কর্নার থেকে পাওয়া সুযোগে হেডে গোল করে দলকে এগিয়ে দেন রিকুয়ের্মে হেনরিক। এরপর ৩৯ মিনিটে এডুয়ার্ডো পাপের চমৎকার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন রিকুয়ের্মে ফিলিপ।
দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্রাজিলের সংগঠিত রক্ষণভাগে বারবার আটকে যায় তাদের আক্রমণ। ম্যাচের শেষ দিকে দ্রুতগতির এক আক্রমণ থেকে ডেভিড নোগেইরার সহায়তায় তৃতীয় গোলটি করেন এডুয়ার্ডো কনসেইসাও, নিশ্চিত হয় ৩-০ ব্যবধানের জয়।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী রোববার ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। যদিও ম্যাচটি এখন নিয়মরক্ষার, তবুও শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা।



আপনার মতামত লিখুন
Warning: Array to string conversion in /www/wwwroot/ctvusa.tv/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array