ভূমিকম্পের ৯০ সেকেন্ড আগে সতর্ক করবে ইব্রাহিম মোল্লার ‘ভুবন’ অ্যাপ
বাংলাদেশে ঘন ঘন ভূমিকম্পের আশঙ্কার মধ্যে এক যুগান্তকারী উদ্ভাবন করেছেন তরুণ শিক্ষার্থী ইব্রাহিম মোল্লা। তার তৈরি ‘ভুবন’ নামের একটি বিশেষ ডিভাইস ভূমিকম্প শুরু হওয়ার অন্তত ২০ থেকে ৯০ সেকেন্ড আগেই সতর্ক সংকেত দিতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে, এই সময়টুকু আগাম প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সহায়ক হতে পারে।
ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির এই শিক্ষার্থী দেড় বছরের গবেষণার মাধ্যমে ডিভাইসটি তৈরি করেন। এটি মূলত ভূগর্ভে সৃষ্ট সিসমিক তরঙ্গ বিশ্লেষণের মাধ্যমে কাজ করে। ইব্রাহিম জানান, পশুপাখির মতোই তার ডিভাইস ‘প্রাইমারি ওয়েভ’ শনাক্ত করতে পারে, যা সাধারণত মানুষ অনুভব করতে পারে না। পরবর্তীতে যে ‘সেকেন্ডারি ওয়েভ’ মানুষের জন্য ক্ষতিকর ঝাঁকুনি সৃষ্টি করে, তার আগেই ডিভাইসটি ৩০ সেকেন্ড ধরে সাইরেন বাজিয়ে সতর্কবার্তা প্রদান করে।
উদ্ভাবকের দাবি, ইন্ডাস্ট্রিয়াল টেস্টিংয়ে ডিভাইসটি প্রায় শতভাগ সফলতা দেখিয়েছে। বর্তমানে এটি ভবনের অভ্যন্তরে ব্যবহারের উপযোগী হলেও, সরকারি সহায়তায় যদি মাটির গভীরে বা ফ্রন্টলাইন পর্যায়ে স্থাপন করা যায়, তাহলে আগাম সতর্কবার্তার সময়সীমা ২ মিনিট পর্যন্ত বাড়ানো সম্ভব।
ইতোমধ্যে এই উদ্ভাবনের জন্য ইব্রাহিম মোল্লা বুয়েট ও এমআইএসটির মতো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে পুরস্কার অর্জন করেছেন। তিনি জানান, দেশের মানুষের জানমাল রক্ষায় এই প্রযুক্তি সরকারকে বিনামূল্যে দিতে চান।
তরুণ এই উদ্ভাবকের লক্ষ্য, সরকারি পৃষ্ঠপোষকতায় ‘ভুবন’ ডিভাইসটির বাণিজ্যিক উৎপাদন নিশ্চিত করে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরা। তবে এখনো পর্যন্ত সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে না পারায় তিনি আক্ষেপ প্রকাশ করেছেন।



আপনার মতামত লিখুন
Warning: Array to string conversion in /www/wwwroot/ctvusa.tv/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array