দীর্ঘ ১৬ বছর পর পুনরায় চালু
সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
দীর্ঘ ১৬ বছর পর পুনরায় চালু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা। আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে সারা দেশে একযোগে ২০২৫ সালের স্থগিত হওয়া এই পরীক্ষা শুরু হচ্ছে। প্রথম দিনের পরীক্ষায় বাংলা বিষয়ে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। পরীক্ষা সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ধারাবাহিকভাবে ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
এর আগে, গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠকে পরীক্ষার সময়সূচি অনুমোদন করা হয়। পরে সংশ্লিষ্ট অধিদপ্তর বিস্তারিত সূচি প্রকাশ করে। তবে পার্বত্য তিন জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভিন্ন সময়সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসব জেলায় ১৭ এপ্রিল প্রাথমিক গণিত দিয়ে পরীক্ষা শুরু হবে। পরবর্তীতে ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষার মাধ্যমে সেখানে বৃত্তি পরীক্ষা শেষ হবে।
বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, দেশে সর্বশেষ পূর্ণাঙ্গ প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০০৮ সালে। এরপর ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালু হওয়ায় আলাদা এই পরীক্ষা বন্ধ হয়ে যায়। যদিও ২০২২ সালে পরীক্ষামূলকভাবে একবার বৃত্তি পরীক্ষা নেওয়া হয়েছিল, তবে তা ধারাবাহিকভাবে চালু রাখা সম্ভব হয়নি।
দীর্ঘ বিরতির পর পুনরায় এই পরীক্ষা চালু হওয়ায় শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। বিশেষজ্ঞদের মতে, মেধাবী শিক্ষার্থীদের বাছাই ও উৎসাহ প্রদানে এই পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



আপনার মতামত লিখুন
Warning: Array to string conversion in /www/wwwroot/ctvusa.tv/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array