আগামী ২ মাসেও জ্বালানির সংকট হবে না : যুগ্মসচিব
চলতি এপ্রিল মাস তো বটেই, আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের কোনো সংকট তৈরি হবে না বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, পর্যাপ্ত মজুত রয়েছে। ইনশাআল্লাহ আগামী দুই মাসে জ্বালানির কোনো সমস্যা হবে না। দেশে বর্তমানে ১ লাখ ১ হাজার ৩৮৫ মেট্রিক টন ডিজেল, ৩১ হাজার ৮২১ মেট্রিক টন অকটেন, ১৮ হাজার ২১১ মেট্রিক টন পেট্রোল এবং ৭৭ হাজার ৫৪৬ মেট্রিক টন জেট ফুয়েল মজুত রয়েছে।
যুগ্মসচিব আরও বলেন, প্রতি মাসেই জ্বালানির দাম সমন্বয় করা হয় এবং এপ্রিল মাসেও তা করা হয়েছে। আগামী মাসের দাম পরিস্থিতি বিবেচনায় নির্ধারণ করা হবে।
পেট্রোল পাম্পে ভিড় প্রসঙ্গে তিনি বলেন, ঢাকার বাইরে এ ধরনের সমস্যা নেই। রাজধানীতে কিছুটা চাপ থাকলেও ‘প্যানিক বায়িং’-এর কোনো প্রয়োজন নেই। গত বছরের মতোই একই পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে এবং সরবরাহে কোনো ঘাটতি নেই।
শিল্প খাতে ডিজেলের কোনো সংকট নেই জানিয়ে তিনি বলেন, তালিকা অনুযায়ী চাহিদা মেটানো হচ্ছে এবং এ খাতে কোনো প্রতিবন্ধকতা নেই। বেসরকারিভাবে ১৪ লাখ মেট্রিক টন জ্বালানি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মার্চ ও এপ্রিল মাসে ক্রুড অয়েল আমদানি সম্ভব না হলেও এপ্রিলের শেষ বা মে মাসের শুরুতে সৌদি আরব থেকে বিকল্প রুটে ক্রুড অয়েল আসবে।
ইস্টার্ন রিফাইনারিতে বছরে প্রায় ১৫ লাখ মেট্রিক টন জ্বালানি পরিশোধন করা হয়, যা দেশের মোট চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ পূরণ করে।




আপনার মতামত লিখুন
Warning: Array to string conversion in /www/wwwroot/ctvusa.tv/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array