যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে সংবিধানের ২৫তম সংশোধনীর অধীনে পদ থেকে সরানোর লক্ষ্যে একটি কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন হাউজ ডেমোক্র্যাটরা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এই প্রস্তাব উত্থাপন করেন হাউজ জুডিশিয়ারি কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জেমি রাসকিন। প্রস্তাব অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-এর নেতৃত্বে একটি বিশেষ কমিশন গঠন করা হবে, যা প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম কিনা তা নির্ধারণ করবে।
ডেমোক্র্যাটদের অভিযোগ, প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক কিছু বক্তব্য ও কর্মকাণ্ড তার শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। বিশেষ করে, ইরানকে ঘিরে তার কঠোর হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা করার বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
সাবেক সিআইএ পরিচালক জন ব্রেনানসহ অনেক ডেমোক্র্যাট আইনপ্রণেতা মনে করছেন, ৭৯ বছর বয়সী ট্রাম্প এখন আর দেশ পরিচালনার জন্য উপযুক্ত নন।
জেমি রাসকিন এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যখন পুরো সভ্যতা ধ্বংসের হুমকি দেন, মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং নিজেকে যিশুর সঙ্গে তুলনা করেন, তখন তার ওপর জনগণের আস্থা নজিরবিহীনভাবে কমে যায়। এটি এখন জাতীয় নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।’
প্রস্তাবিত এই বিলে আরো ৫০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা সহ-পৃষ্ঠপোষকতা করেছেন। এই কমিশনের কাজ হবে প্রেসিডেন্ট তার দায়িত্ব পালনে অক্ষম কি না, তা নির্ধারণ করা।
কমিটিতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতাদের দ্বারা মনোনীত চারজন সাবেক নির্বাহী কর্মকর্তা এবং আটজন চিকিৎসক ও মনোরোগ বিশেষজ্ঞসহ মোট ১৭ জন সদস্য রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য যদি মনে করেন প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম, তবে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যায়। তবে রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউজে এই বিল পাস হওয়ার সম্ভাবনা খুবই কম। এর আগে ২০২৪ সালে জো বাইডেনের বিতর্কিত বিতর্ক পারফরম্যান্সের পরও রিপাবলিকানরা একই ধরনের দাবি তুলেছিলেন, যা পরে আলোর মুখ দেখেনি। ট্রাম্প সেই নির্বাচনে কমালা হ্যারিসকে পরাজিত করে আবারো ক্ষমতায় আসেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
আপনার মতামত লিখুন
Warning: Array to string conversion in /www/wwwroot/ctvusa.tv/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array